নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
সম্পাদকঃ বাবুল মিয়া
বগুড়ার মাটি থেকে উঠে আসা এক মহীয়সী নারী, যাঁর অদম্য ইচ্ছাশক্তি, দূরদর্শিতা ও মানবসেবার অনন্য দৃষ্টান্ত আজ লাখো মানুষের জীবনে আশার আলো ছড়াচ্ছে। তিনি প্রফেসর ড. হোসনে আরা বেগম—ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং নারী জাগরণ ও সামাজিক উন্নয়নের এক অনুপ্রেরণার নাম।
১৯৫৩ সালের ডিসেম্বরে বগুড়া জেলার ঠেঙ্গামারা গ্রামে পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব থেকেই মেধাবী হোসনে আরা বেগম বাঘোপাড়া প্রাথমিক বিদ্যালয়, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাহ সুলতান কলেজে পড়াশোনা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
জীবনের পথচলায় নানা প্রতিকূলতা ও শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কখনো থেমে যাননি তিনি। প্রতিকূলতাকে জয় করে নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণে এগিয়ে গেছেন দৃঢ় প্রত্যয়ে। পরবর্তী সময়ে শিক্ষকতা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বগুড়া সরকারি কলেজ, মুজিবুর রহমান মহিলা কলেজসহ কুড়িগ্রাম ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজে অধ্যাপনা করেছেন।
মুষ্টিচালের উদ্যোগ থেকে বিশাল প্রতিষ্ঠানে টিএমএসএস
১৯৮০ সালে মাত্র ১২৬ জন অসহায় ও দরিদ্র নারীকে সঙ্গে নিয়ে মুষ্টিচাল সংগ্রহের মাধ্যমে যে মানবিক উদ্যোগের সূচনা করেছিলেন, সময়ের পরিক্রমায় সেটিই রূপ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা টিএমএসএসে।
তাঁর নেতৃত্বে টিএমএসএস আজ শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটির কার্যক্রমের আওতায় রয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, পুন্ড্র ইউনিভার্সিটি, নার্সিং ইনস্টিটিউট, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাঁচ তারকা হোটেল মম ইন। দেশজুড়ে বিস্তৃত এই প্রতিষ্ঠানের কার্যক্রম অসংখ্য মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
কর্মের স্বীকৃতিতে জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা
নারীর ক্ষমতায়ন, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক অশোকা ফেলোশিপ এবং রাষ্ট্রীয় সম্মাননা বেগম রোকেয়া পদক।
প্রফেসর ড. হোসনে আরা বেগমের জীবন কেবল একজন সফল নারীর গল্প নয়; এটি প্রতিকূলতাকে জয় করে সমাজ পরিবর্তনের এক অনন্য ইতিহাস। সীমিত সামর্থ্য নিয়েও যে বড় স্বপ্ন দেখা যায় এবং মানুষের সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব, তাঁর কর্মজীবন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
বগুড়ার ঠেঙ্গামারা থেকে শুরু হওয়া তাঁর এই পথচলা আজ দেশের গণ্ডি পেরিয়ে মানবকল্যাণের অনুপ্রেরণামূলক গল্প হয়ে উঠেছে। সমাজ উন্নয়ন, নারী জাগরণ ও মানবসেবায় তাঁর অবদান নিঃসন্দেহে আগামী প্রজন্মের জন্য অনুসরণীয়।
বগুড়ার এই গর্বিত কৃতী সন্তানের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও সম্মান।
#TMSS #DrHosneAraBegum #Bogura #নারীজাগরণ #মানবসেবা