নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা | ৯ জানুয়ারি, ২০২৬
চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে আকসুমা (৩০) নামে এক স্কুলশিক্ষকের স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আকসুমা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামান্তা গ্রামের বাসিন্দা। তিনি চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইমরান হোসেনের স্ত্রী। তারা দীর্ঘ দিন ধরে গুলশানপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে আকসুমার কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে তিনি নিজের শয়নকক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।
বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এই ঘটনায় এলাকায় এবং নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।