
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা যুবদলের নেতাকর্মী। পরে মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে এক লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। অপহৃত প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় উপসহকারী প্রকৌশলী পদে কর্মরত।
ডিবি পুলিশের হাতে গ্রেফতার যুবদল নেতাকর্মীরা হলেন-বগুড়া শহর যুবদলের ১৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার (৩০), তার সহযোগী শাহিন হোসেন (৩৪) ও আশরাফুল ইসলাম (৪২)। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে গ্রেফতার এই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১৩ ডিসেম্বর সঞ্জয় সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। তবে পুলিশ হেফাজতে থাকা যুবদল নেতা সঞ্জয় সরকার দাবি করেছেন, তাকে একমাস আগে বহিস্কার করা হয়নি। পুলিশ গ্রেফতারের পর আগের তারিখ দিয়ে বহিস্কার দেখানো হতে পারে।
উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লবের স্ত্রী আনজুমান আরা জানান, তার স্বামী গত সোমবার সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ি এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেতে মোটরসাইকেলযোগে কালিতলা গ্রোয়েন বাঁধের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে চার যুবক দু’টি মোটরসাইকেলযোগে এসে জাহাঙ্গীর আলম বিপ্লবের পথরোধ করে।
এরপর তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জানায়, ‘আপনার নামে মামলা আছে’। এরপর মোটরসাইকেসহ বিপ্লবকে বগুড়া শহরের দিকে নিয়ে যায়। বেলা পৌনে ২টার দিকে আমার স্বামী ফোনে জানায় ডিবি পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে বগুড়া শহরে একটি জায়গায় আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা তার মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করেছে।
টাকা না দিলে তারা মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। তাদেরকে অনুরোধ করে আড়াই লাখ টাকা দিতে চেয়েছি। আঞ্জুমান আরা বলেন, অপহরণকারীরা শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে আমার স্বামীকে মোটরসাইকেলযোগে নিয়ে এসে আমাকে দেখায়।