নিজস্ব প্রতিবেদক, গাবতলী (বগুড়া) | ১৮ই জানুয়ারি, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের জাগুলী পশ্চিমপাড়া জামে মসজিদে মুসল্লিদের আরামদায়ক ইবাদত নিশ্চিত করতে ৩টি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করা হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) মসজিদ কমিটির সহ-সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবদল নেতা মোঃ বিপ্লব মিয়া নিজস্ব অর্থায়নে এই এসিগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিগণ।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, তীব্র গরম ও জনাকীর্ণ পরিবেশে মুসল্লিদের নামাজ আদায়ে কষ্ট হতো। মসজিদ কমিটির তরুণ এই নেতার এমন মহতী উদ্যোগে এখন থেকে মুসল্লিগণ শান্তিপূর্ণভাবে এবং স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। বিপ্লব মিয়ার এই দানশীলতার প্রশংসা করে তারা তার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ বিষয়ে মোঃ বিপ্লব মিয়া বলেন, “আল্লাহর ঘরের খিদমত করতে পারা ভাগ্যের ব্যাপার। সামাজিক দায়বদ্ধতা এবং মুসল্লিদের কষ্টের কথা বিবেচনা করেই আমি ক্ষুদ্র এই উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করব।”
শেষে মসজিদের উন্নয়ন ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।