বিনোদন ডেস্ক : ৪২ বছর আগে মুক্তি পাওয়া অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেসময় সিনেমাটি বক্স অফিসে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এরপর আর তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি।
এবার খবর, চার দশক পর আবারও একসঙ্গে আসছেন তারা। রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমার ঘোষণা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এত বছর পর এই ত্রয়ীকে আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গেছে হইচই। রবিবার (১৮ জানুয়ারি) মুক্তি পেয়েছে এসভিএফ প্রযোজিত এবং চন্দ্রাশিস রায় পরিচালিত সিনেমা ‘বিজয়নগরের হীরে’ সিনেমার ট্রেলার। এই অনুষ্ঠানেই এই বোমা ফাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানালেন তার ইচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করবেন আবার।