নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে মাঠে বিজিবি—বগুড়া ও নওগাঁয় বাড়তি প্রস্তুত
সংবাদ:
নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি প্রার্থী ও রাজনৈতিক দলকে সমানভাবে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বগুড়া মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত অস্থায়ী নওগাঁ ব্যাটালিয়নের সদর ক্যাম্পে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
বিজিবি সূত্রে জানানো হয়, দায়িত্বপূর্ণ দুই জেলায় মোট ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে ১৬টি বেইজ ক্যাম্পের মাধ্যমে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৪ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। বাকি ৯ প্লাটুন বিজিবি সদস্য নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছেন।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখা এবং সকল পক্ষের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই এই প্রস্তুতি বলে জানায় বিজিবি।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া