স্টাফ রিপোর্টার, বগুড়া
বিএনপি জনগণের দল—অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করবে বলে মন্তব্য করেছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কালিবালা এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী জনাব তারেক রহমানের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।
আহসান হাবিব মমি বলেন, “জনাব তারেক রহমানের ঘোষিত নির্বাচনী ইশতেহারেই প্রমাণ হয়েছে বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। এই ইশতেহার সম্পূর্ণ জনকল্যাণমুখী এবং দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে।
গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ইশতেহারে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড চালু, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এ সময় শহর যুবদলের সিনিয়র সহসভাপতি তারিক মজিদ সোহাগ, সহসভাপতি মোনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সহ সাধারণ সম্পাদক ওমাইদুল হাবীব মিম, প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সহ প্রচার সম্পাদক শাহেদ আলীসহ বিভিন্ন ওয়ার্ড যুবদল ও বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনসেবার সুযোগ দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।