বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়-এ আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বগুড়া সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের ব্যাপার মাত্র। তবে যেহেতু বগুড়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জেলা, তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। দু-একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মীর শাহে আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বগুড়া কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে জেলার সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে বগুড়ার উন্নয়নে কাজ করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন এবং বগুড়া জেলা বিএনপি-র সভাপতি রেজাউল করিম বাদশাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শুরুর আগে জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান