নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ১১ এপ্রিল, ২০২৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এহছানুল হক মিলন আগামী ১৩ ও ১৪ এপ্রিল (সোম ও মঙ্গলবার) দুই দিনের রাষ্ট্রীয় সফরে বগুড়া আসছেন। এই সফরকে কেন্দ্র করে শিবগঞ্জ উপজেলাসহ সমগ্র জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সফরের প্রথম দিন প্রতিমন্ত্রী মীর শাহে আলম তাঁর নিজ নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আনুষ্ঠানিকভাবে এই কৃষক কার্ড বিতরণের শুভ উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সার, বীজ ও সরকারি কৃষি প্রণোদনা স্বচ্ছতার সাথে গ্রহণ করতে পারবেন।
সফরকালীন সময়ে মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। এছাড়াও তিনি এলাকার বেশ কিছু নতুন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রতিমন্ত্রীর এই সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।