বগুড়ায় র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর অভিযানে একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার ইবনেসিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এলাকার পেছনে আলহাজ্ব ভিলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রেজাউল করিম রিয়াদ (২৯) নামের ওই আসামিকে আটক করা হয়।
রিয়াদ বগুড়া সদর এলাকার রহমাননগর ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ছিলেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া