বগুড়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু, মা হাসপাতালে
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুরে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তার ৪ বছরের শিশুকন্যা নিহত হয়েছেন। এই ঘটনায় নিহত আনিসুর রহমানের স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী পর্যটন মোটেলের বিপরীতে মহাসড়কের ঢাকাগামী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ আনিসুর রহমান (৩৫) এবং তার শিশুকন্যা আয়েশা (৪)। নিহত আনিসুর রহমান গাইবান্ধার মহিমাগঞ্জ ও রংপুরে ব্র্যাক (BRAC) এনজিও-র ‘সিও’ (CO) হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী মোছাঃ পুষ্পা আক্তারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে আনিসুর রহমান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে বনানী নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী লেনের অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। একই সাথে মহাসড়কে ঈদ ও সাধারণ যাতায়াতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।