নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন বগুড়া সিটি প্রশাসক
বগুড়া, ২ জুন, ২০২৬: বগুড়া সিটি করপোরেশনের আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার নগর ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ক্রিকেট খেলোয়াড়দের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, “ক্রীড়াঙ্গনের নতুন মেধাবীদের খুঁজে বের করতে নতুন কুঁড়ি প্রতিযোগিতার মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তরুণরাই আমাদের ভবিষ্যতের প্রতিনিধি, আর খেলাধুলায় তাদের এই সাফল্য বগুড়াবাসীর জন্য গর্বের।”
তিনি আরও উল্লেখ করেন যে, খেলাধুলার প্রসারে সিটি করপোরেশন সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ-সুবিধা আরও বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড়দের কোচ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে এক আনন্দঘন পরিবেশে বিজয়ীদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রশাসক।