বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু কার্যক্রম জোরদারের আহ্বান তারেক রহমানের
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়েছেন Tarique Rahman। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জলবায়ু সংকটকে মানবজাতির অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।
পোস্টে তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয়ের মতো ঘটনাগুলো বিশ্বব্যাপী পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলছে।
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান সীমিত হলেও ভৌগোলিক অবস্থান ও জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে দেশটি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তারেক রহমান বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) বাস্তবায়নের পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পোস্টে তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং গণপরিবহন উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করে তিনি একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া।