নওগাঁয় উচ্চ শব্দ সৃষ্টিকারী মোটরবাইকের বিরুদ্ধে ট্রাফিকের সাঁড়াশি অভিযান
মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান,নওগাঁ প্রতিনিধি ।। নওগাঁ শহরকে হর্ন ও উচ্চ শব্দের শব্দদূষণ থেকে মুক্ত রাখতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ।নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর বিশেষ নির্দেশনায় আজ বুধবার শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ও মডিফাইড (রূপান্তরিত) সাইলেন্সার পাইপ ব্যবহার করে উচ্চ শব্দ সৃষ্টিকারী বেশ কিছু মোটরসাইকেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণীর চালক মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিশেষ সাইলেন্সার ব্যবহার করে শহরে দাপিয়ে বেড়াচ্ছিল। এতে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন। শব্দদূষণের এই তীব্রতা নিয়ন্ত্রণে আজ শহরের মুক্তির মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ট্রাফিক বিভাগের একটি দল।
অভিযান চলাকালে উচ্চ শব্দ করা মোটরবাইকগুলো আটকে সেগুলোর বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয় এবং বেশ কিছু অবৈধ সাইলেন্সার জব্দ করা হয়।
জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সাধারণ মানুষের শান্তি ও নীরবতা বজায় রাখতে এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ সুপারের কড়া নির্দেশনা রয়েছে যেন কোনোভাবেই উচ্চ শব্দের বাইক শহরের পরিবেশ নষ্ট না করতে পারে। ট্রাফিক বিভাগের এই সাঁড়াশি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এদিকে ট্রাফিক পুলিশের এই জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নওগাঁর সাধারণ নাগরিক ও সচেতন মহল। তারা জানান, মুক্তির মোড়সহ শহরের প্রধান সড়কগুলোতে বিকট শব্দে বাইক চালানো যুবকদের উপদ্রব অনেক বেড়ে গিয়েছিল। নিয়মিত এই অভিযান চললে শহরে শব্দদূষণ অনেকাংশে কমে আসবে।
মোঃ রিজভী আহম্মেদ রিজোয়ান
নওগাঁ
১৭.০৬.২০২৬