বগুড়ায় সাগর হত্যা মামলার পলাতক আসামি ঝিনাইদহে গ্রেপ্তার
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের যৌথ অভিযানে বগুড়া সদর থানার আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারভুক্ত ১০ নম্বর পলাতক আসামি মো. জাহিদ মন্ডলকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৩ জুলাই রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরের ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করা হয়।
মামলার পর থেকে জাহিদ মন্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান ঝিনাইদহ সদর উপজেলার জোহান পার্ক এলাকায় শনাক্ত করে র্যাব। পরে ২০ আগস্ট রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মো. জিলহাজ মন্ডলের ছেলে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।