শিক্ষকের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিতের তাগিদ—বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা
বগুড়া প্রতিনিধি:
‘শিক্ষকের পাশে: পেশার সুরক্ষা এবং মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ গড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। পাশাপাশি পরিবর্তিত সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় শিক্ষকতা পেশার সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদার স্বীকৃতি দিতে ১৯৯৪ সাল থেকে ইউনেসকোর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।