নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬ অর্জনের স্বীকৃতিস্বরূপ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব।
সোমবার (২ নভেম্বর ২০২৬) কলেজের অধ্যাপক মো. মাহফূজুল ইসলামসহ হিসাববিজ্ঞান বিভাগের শ্রদ্ধেয় শিক্ষকরা তাঁকে ক্রেস্ট প্রদান করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শিক্ষকদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত আতিকুল ইসলাম বিপ্লব বলেন, জীবনের পথচলায় অনেক অর্জন ও সম্মাননা পাওয়া যায়, তবে প্রিয় শিক্ষকদের হাত থেকে পাওয়া সম্মান হৃদয়ের গভীরে আলাদা জায়গা করে নেয়। এই ভালোবাসা ও স্বীকৃতি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই সম্মাননা শুধু একটি ক্রেস্ট নয়, বরং আরও ভালো মানুষ হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার অনুপ্রেরণা। শ্রদ্ধেয় শিক্ষকদের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীতেও মানবসেবামূলক কাজ চালিয়ে যেতে চান তিনি।
এ সময় আতিকুল ইসলাম বিপ্লব তাঁর সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকদের শিক্ষা, আদর্শ ও দিকনির্দেশনা তাঁর আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
মানবসেবায় অর্জিত স্বীকৃতির পর শিক্ষকদের এমন ভালোবাসা ও সম্মাননা আতিকুল ইসলাম বিপ্লবের সামাজিক কর্মকাণ্ডে নতুন উৎসাহ যোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।