রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মো. স্বাধীনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।
জানা যায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটনার সূত্রপাত। বাড়ির পাশে বহুদিন ধরে অকেজো পড়ে থাকা একটি গভীর নলকূপের মুখ খোলা ছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সে গর্তে পড়ে যায় শিশু স্বাধীন। তার বাবার নাম রাকিব। নলকূপটির মালিক স্থানীয় বাসিন্দা তাহের।
শিশুটি আটকে পড়ার পর এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টার পর অবশেষে স্বাধীনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং নলকূপের খোলা মুখ বন্ধ না রাখায় মালিকের দায়িত্বহীনতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।