নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৬
বগুড়া: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’। মা দিবসের এই পুণ্যলগ্নে জনহিতৈষী ও সৃজনশীল ব্যক্তিত্ব আব্দুল মমিন মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি আবেগঘন কবিতা উৎসর্গ করেছেন।
কবিতার চরণে চরণে তিনি ফুটিয়ে তুলেছেন মায়ের অকৃত্রিম অবদান, যা আমাদের জীবনের প্রতিটি সংকটে আশার আলো দেখায়। পাঠকদের জন্য কবিতাটি নিচে তুলে ধরা হলো:
মা
— আব্দুল মমিন
মা যে আমার হতাশ মুখে
প্রাপ্তি রেখার হাসি,
মা যে আমার দুঃসময়ে
স্বপ্ন রাশি-রাশি।
মা যে আমার বৃষ্টি-ঝড়ে
মাথার উপর ছাতি,
গহীন অন্ধকারে মা যে
আশার আলোক বাতি।
মা আমাকে দুহাত ধরে
শেখান যে পথ চলা,
জীবন-সাগর ভাসতে শেখান
নেই কোনো যার তলা।
সকল কিছু দেন শিখিয়ে
আমার প্রিয় মা যে,
সবখানেতে তিনি আছেন
আমার সকল কাজে।
শান্তি মেলে পরানটাতে
সোনা মাকে রেখে,
মায়ের ছবি সারাটাক্ষণ
যাই আমি তাই এঁকে।
মা দিবসের এই দিনে সকল মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আব্দুল মমিনের এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।