নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় আজিজুল হক কলেজের শিক্ষার্থী তুষার (২১)-এর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের ফোন পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, তুষার দীর্ঘ সময় ধরে এলাকার একটি বাসায় একা থাকতেন। সকালে প্রতিবেশীরা দরজা খোলা না পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে তুষারের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে কিছু ব্যক্তিগত বক্তব্য ও মানসিক চাপের বিষয় উল্লেখ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) জানান, “আমরা ম’রদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা তদন্ত শেষে বলা যাবে।”
তুষারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও সহপাঠীরা তাঁর অকাল মৃত্যুর কারণ উদঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।