বগুড়া প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর পাকুড়তলা গ্রামে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে নিজ বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত আঃ মোমিন (পিতা: আবুল হোসেন) পেশায় একজন বাস সুপারভাইজার। স্থানীয়দের ভাষ্যমতে, গত এক সপ্তাহ আগে তিনি সিলেট জেলার সুনামগঞ্জ থেকে বর্ষা নামের এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। শুরুতে বিষয়টি ‘আত্মীয়ের সফর’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও মোমিনের আচরণে প্রতিবেশীদের সন্দেহ ঘনীভূত হয়।
এলাকাবাসী তরুণীর পরিচয় ও অবস্থানের কারণ জানতে চাইলে বেরিয়ে আসে মূল ঘটনা। অভিযোগ ওঠে, বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে বগুড়ায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত মোমিন তার প্রভাবশালী আত্মীয়দের সহায়তায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বগুড়া সদর থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্তের বর্তমান স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
পুলিশের অবস্থান:
এলাকাবাসীর মতে, একজন বিবাহিত ব্যক্তির এমন অনৈতিক কর্মকাণ্ড সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।