মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন করলেন বগুড়ার আলমগীর হোসাইন
বগুড়ার সারিয়াকান্দির তরুণের অনন্য অর্জন
প্রথম বাংলাদেশি হিসেবে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি অর্জন
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলার তাইড় গ্রামের সন্তান এম. আলমগীর হোসাইন আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য সাফল্যের নজির স্থাপন করেছেন। সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে ফুল ফান্ডেড স্কলারশিপে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল ডিগ্রি লাভের গৌরব অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন।
বিশ্বের ১৮৩টি দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা আন্তর্জাতিক মানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ শিক্ষার্থীই বিভিন্ন দেশের নাগরিক এবং তারা পূর্ণ বৃত্তির আওতায় পড়াশোনার সুযোগ পান। এমন প্রতিযোগিতামূলক পরিবেশে সফলভাবে পড়াশোনা শেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন আলমগীর হোসাইন।
তার অর্জিত প্রকৌশল ডিগ্রি আন্তর্জাতিক স্বীকৃতিদাতা সংস্থা ABET-এর স্বীকৃতিপ্রাপ্ত, যা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্যতা বহন করে।
সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং সাফল্যের সঙ্গে ডিগ্রি অর্জনের এই গল্প ইতোমধ্যেই সারিয়াকান্দি, বগুড়া এবং দেশের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞানসহ বিভিন্ন আধুনিক বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের ফুল ফান্ডেড স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা এবং মাসিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এম. আলমগীর হোসাইনের এই অর্জন প্রমাণ করে, যোগ্যতা, অধ্যবসায় এবং সঠিক সুযোগের সমন্বয় ঘটলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান তৈরি করতে পারেন। তার এই সাফল্য দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।