শেরপুরে ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা
বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া ও হামছায়াপুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে খাদ্যপণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকার অভিযোগ পাওয়া যায়।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না—মর্মে অঙ্গীকার করেন।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান। সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক জনাব ফজিলাতুন্নেছা ফৌজিয়া। জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া