নিজস্ব প্রতিবেদক, সোনাতলা: বগুড়ার সোনাতলা উপজেলায় ছুটিতে এসে মো. আব্দুল ওহাব বাবু (২৫) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য গলায় ফাঁস দিয়ে আত্ম/হত্যা করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের উত্তর মহেশপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল ওহাব বাবু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলায় আনসার ব্যাটালিয়নের সিপাহী পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ৭ দিনের ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন ওহাব বাবু। মঙ্গলবার সকালে নিজ ঘরের তীরের সাথে ওহাবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করা হলেও দেখা যায় ততক্ষণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কোনো কলহ বা দ্বন্দ্বের জেরে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, আজই তার ছুটি শেষ হওয়ার কথা ছিল। কর্মস্থলে ফেরার দিনই তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।