এআই সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়ার উদ্যোগ জি৭-এর
আন্তর্জাতিক ডেস্ক | বগুড়া ভিশন ২৪
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলা মোকাবিলায় বিশেষ মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত জি৭-এর অর্থনৈতিক নেতারা। আর্থিক খাতের সাইবার নিরাপত্তা জোরদার এবং এ ধরনের হামলার বিরুদ্ধে প্রস্তুতি যাচাই করাই এ উদ্যোগের লক্ষ্য।
শুক্রবার (১৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভার ফাঁকে জি৭-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এ বিষয়ে সম্মতি দেওয়া হয়। জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা সাংবাদিকদের এ তথ্য জানান।
পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য এআই-চালিত সাইবার হামলার কাল্পনিক পরিস্থিতি তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া ও বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে। মহড়া থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার নির্দেশিকা সংশোধন করা হতে পারে।
মহড়ার ধরন ও পরিস্থিতি অনুযায়ী বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এতে যুক্ত করা হতে পারে বলে জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে, এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কায় আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়া এবং আর্থিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি নিয়ে সতর্ক করেছিল আইএমএফ।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়তে থাকায় আর্থিক খাতের নিরাপত্তা ও আন্তর্জাতিক সমন্বয় জোরদারে বিভিন্ন দেশ উদ্যোগ নিচ্ছে।
সূত্র: রয়টার্স।