গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে গাবতলী স্থানীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৭ আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের হাতে তিনি এই সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী বক্তব্যে এমপি মোরশেদ মিল্টন বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তাদের মাঝে দেশপ্রেম ও শৃঙ্খলার বোধ জাগ্রত হবে।” তিনি স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।