খুলনা–সাতক্ষীরা অঞ্চলের ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, বগুড়ায় র্যাবের অভিযান
খুলনা–সাতক্ষীরা অঞ্চলে সংঘবদ্ধ ডাকাতির একটি চাঞ্চল্যকর ঘটনার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, বগুড়া।
র্যাব সূত্র জানায়, সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন গনেশপুর এলাকায় একটি বসতবাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে প্রধান অভিযুক্ত হিসেবে মোঃ আশরাফ খা (৫০)-এর নাম উঠে আসে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি), বগুড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আলতাফনগর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উক্ত ঘটনায় ভু/য় ভী/তি প্রদর্শনের মাধ্যমে অর্থ লুটের অভিযোগে পাটকেলঘাটা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, সংঘবদ্ধ অপরাধ দমনে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া