গাবতলীতে ছাত্রদল নেতা এম. আর. হাসান পলাশের বৃক্ষরোপণ কর্মসূচি: ‘সবুজে সাজবে বগুড়া’
বগুড়া প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলায় বৃক্ষবিতরণ ও রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) গাবতলী মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনাব এম. আর. হাসান পলাশ।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জনাব এম. আর. হাসান পলাশ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী বাংলাদেশকে একটি জলবায়ু সহনশীল ও সবুজ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কেবল একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার। বগুড়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও জনপদকে সবুজে আচ্ছাদিত করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের আঙিনায় বেশ কিছু গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। এই মহৎ উদ্যোগকে সফল করতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।