জাগুলী গোলাপাড়া একতা সংঘের তরুণদের ফুটবল উপহার দিল ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’
গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘ইছামতি সামাজিক সেবা সংস্থা’র পক্ষ থেকে স্থানীয় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে জাগুলী গোলাপাড়া একতা সংঘের তরুণ ও যুবকদের হাতে ফুটবল তুলে দেন ইছামতি সামাজিক সেবা সংস্থার নেতৃবৃন্দ।
ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন ইছামতি সামাজিক সেবা সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মো. সামছুজ্জোহা তালুকদার শামীম এবং সংস্থার অন্যতম নির্বাহী সদস্য বাবুল মিয়া।
ফুটবল হস্তান্তরের সময় ইছামতি সামাজিক সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. সামছুজ্জোহা তালুকদার শামীম বলেন, “তরুণরাই সমাজের শক্তি। তারা যেন অবসরে মোবাইল আসক্তি বা অন্য কোনো অপসংস্কৃতিতে জড়িয়ে না পড়ে, সেজন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠের চর্চা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। ইছামতি সামাজিক সেবা সংস্থা সবসময় তরুণদের ইতিবাচক কাজের পাশে থাকবে।”
উপহার পেয়ে জাগুলী গোলাপাড়া একতা সংঘের যুবকেরা ইছামতি সামাজিক সেবা সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও একতা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।