“ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যই আমাদের শক্তি” নন্দীগ্রামে সন্ন্যাসী পূজায় সাবেক এমপি মোশারফ হোসেন
স্টাফ রিপোর্টারঃ
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের দোগাছী পাড়া সার্বজনীন সন্ন্যাসী পূজায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি মো: মোশারফ হোসেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। এই ঐক্য ও সহাবস্থানই আমাদের শক্তি।” তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।