নাটোর প্রতিনিধি:
নাটোরের ধরাইল কওমি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মাদরাসার আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র এবং শিক্ষাসামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপের মাঝে ২৫টি পবিত্র কুরআন শরিফ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়দের মাঝে বিস্ময়ের সৃষ্টি করেছে।
গতকাল মাদরাসাটিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের তথ্যমতে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো মাদরাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মাদরাসার আসবাবপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
মাদরাসার শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেখানে রাখা কোনো কিছুই রক্ষা করা সম্ভব ছিল না। কিন্তু আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ধ্বংসস্তূপ সরাতে গিয়ে তারা দেখেন, একটি নির্দিষ্ট স্থানে রাখা ২৫টি পবিত্র কুরআন শরিফ আগুনের আঁচ থেকে সম্পূর্ণ মুক্ত রয়েছে। বই বা শেলফে রাখা অন্যান্য কাগজ ও আসবাবপত্র যেখানে পুরোপুরি ছাই হয়ে গেছে, সেখানে কুরআন শরিফের পাতা তো দূরের কথা, বাইরের প্রচ্ছদ পর্যন্ত অক্ষত ছিল।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মানুষ মাদরাসায় ভিড় করেন। প্রত্যক্ষদর্শীরা একে মহান আল্লাহর অশেষ রহমত ও কুদরত হিসেবে দেখছেন।
মাদরাসার কর্তৃপক্ষ জানায়, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। মাদরাসার ভবন ও আসবাবপত্র পুনর্নির্মাণে বড় অংকের অর্থের প্রয়োজন। এমতাবস্থায় তারা বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।