প্রকাশ্যে ধূমপানের বিরুদ্ধে আইন আরও কঠোর করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানার পরিমাণ আগের ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার বিদ্যমান আইনকে শক্তিশালী করতে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর এই অধ্যাদেশ কার্যকর হয়েছে।
সংশোধিত আইনে শুধু প্রকাশ্যে ধূমপান নয়, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত অন্যান্য অপরাধের ক্ষেত্রেও শাস্তির মাত্রা বৃদ্ধি করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক ব্যবহার নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কঠোর এই আইন বাস্তবায়নের মাধ্যমে ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তোলার পথে সরকার আরও এক ধাপ এগোল—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া