নিজস্ব প্রতিবেদক, বগুড়া | ৪ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার সোনাতলায় বড় ধরনের সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়েছে গণঅধিকার পরিষদ। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দলটির সোনাতলা পৌর শাখার সভাপতি মোঃ শাহ শওকত কবিরসহ বিভিন্ন পর্যায়ের মোট ৮২ জন নেতা-কর্মী একযোগে পদত্যাগ করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শাখার সভাপতি বরাবর লিখিত পত্রের মাধ্যমে তারা এই গণ-পদত্যাগের ঘোষণা দেন।
পৌর শাখার সভাপতি মোঃ শাহ শওকত কবির স্বাক্ষরিত পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, তিনি সম্পূর্ণ সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে নিজের পদ ও দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছেন। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করলেও একসাথে বিপুল সংখ্যক নেতা-কর্মীর পদত্যাগ নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, সোনাতলা পৌর শাখা ও উপজেলার বিভিন্ন ইউনিটের সক্রিয় ৮২ জন সদস্য এই পদত্যাগের সাথে সংহতি জানিয়েছেন। তাদের অভিযোগ ও পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে তৃণমূল পর্যায়ের এত বিপুল সংখ্যক নেতা-কর্মীর একসাথে প্রস্থানকে জেলা গণঅধিকার পরিষদের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
পদত্যাগকারী কয়েকজন নেতা জানান, দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
এই বিষয়ে বগুড়া জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।