বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তাঁর বাবাকে কুপিয়ে আহত, ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
প্রতিনিধি বগুড়া
বগুড়ায় চাঁদা না দেওয়া ও পূর্ববিরোধের জেরে ভাঙ্গারি ব্যবসায়ী মো. ওমর ফারুক ও তাঁর বাবা মো. আব্দুল খালেককে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। আহত দুজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওমর ফারুকের স্ত্রী মোছা. রুপা বেগম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওমর ফারুক সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ছিল্কি বান্দা মোড়ে ভাঙ্গারি ও গিফটের ব্যবসা করেন। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁর স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। গত ২০ আগস্ট বিকেলে দোকানে গিয়ে অভিযুক্তরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে একই দিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়কুমিড়া বাজারে মহিদুলের দোকানের সামনে তাঁদের পথরোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে ওমর ফারুককে মারধর ও কুপিয়ে আহত করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বাবা আব্দুল খালেকও হামলার শিকার হন। একপর্যায়ে ওমর ফারুকের পকেটে থাকা ৩ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রুপা বেগম।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সাংবাদিক হাকীম আব্দুল গনি মন্ডল
জাতীয় দৈনিক ভোরের চেতনা
বিশেষ প্রতিনিধি বগুড়া জেলা
ফোন নাম্বার 01713-323896