বগুড়ায় তাল মিছরি কারখানায় অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় একটি তাল মিছরি কারখানায় অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি থেকে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ার (দক্ষিণপাড়া) ‘পূজা মিছরি কারখানা’য় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র্যাব-১২ বগুড়ার সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত তাল মিছরি তৈরির অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে বাতাসা ও সাদা মিছরি তৈরি, নকল মোড়ক ব্যবহার করে তাল মিছরি বাজারজাতের প্রস্তুতি এবং পচা ও পোকাযুক্ত মিছরি পুনরায় ব্যবহারের জন্য সংরক্ষণ করার বিষয়ও পাওয়া যায়।
এসব ঘটনায় দোষ স্বীকারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
অভিযানকালে আনুমানিক ১০ মণ পচা ও পোকাযুক্ত মিছরি বিধি অনুযায়ী জব্দ করা হয় এবং পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।