বগুড়ায় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
বগুড়া: বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। চারটি দল পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া প্রতিবছর মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের ক্রীড়াচর্চা অব্যাহত রাখছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ উদ্যোগ প্রশংসনীয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। টুর্নামেন্টের সার্বিক কার্যক্রম তদারকি করছেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার ও সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক রাহাত রিটু, আবুল কালাম আজাদ, প্রতীক ওমর, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সানাউল হক শুভ ও আইনুর ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বিভিন্ন পরামর্শ দেন। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত মানোন্নয়ন, কর্মপরিবেশ, সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনা এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বগুড়া | ১৭ অক্টোবর ২০২৬