বগুড়া প্রতিনিধি:
‘মাদককে না বলুন, ফুটবলকে আপন করে নিন’—এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এক ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ সমাজসেবক ও বগুড়া জেলা ছাত্রদলের জনপ্রিয় সাধারণ সম্পাদক জনাব এম আর হাসান পলাশ। তার নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে শুরু হয়েছে ‘১০০ গ্রামে ১০০ ফুটবল’ বিতরণ কর্মসূচি।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, গ্রামের তরুণ ও কিশোরদের খেলার মাঠে ফিরিয়ে আনা এবং শারীরিক ও মানসিক বিকাশে তাদের উদ্বুদ্ধ করা।
এই ধারাবাহিকতায়, কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ০৪ ও ০৬ নং ওয়ার্ডের তরুণ ও ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল হস্তান্তর করা হয়েছে। স্থানীয় তরুণ ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন সোনারায় ইউনিয়ন ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ফুটবল গ্রহণ করার সময় স্থানীয় তরুণরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পলাশ ভাইয়ের এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। এটি আমাদের অলস সময় কাটানো থেকে দূরে রেখে মাঠমুখী হতে সাহায্য করবে।
এ বিষয়ে ছাত্রনেতা এম আর হাসান পলাশ বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের হাতে স্মার্টফোন বা মাদকের বদলে ফুটবল তুলে দিতে পারলে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি জেলার প্রতিটি গ্রামে এই বার্তা পৌঁছে দিতে। সোনারায় ইউনিয়নের এই কার্যক্রম সেটিরই একটি অংশ।”
স্থানীয় ক্রীড়ামোদী ও বিশিষ্টজনরা ছাত্রনেতা পলাশ ভাইয়ের এই গঠনমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমুখী কাজের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।