মাদককে ‘না’ জীবনের জয়গান: ধোড়ায় খেলাধুলা ও বাউল সন্ধ্যায় জাগ্রত তারুণ্য
বগুড়া প্রতিনিধি:
“মাদককে না বলো, জীবনকে হ্যাঁ বলো”—এই স্লোগানকে ধারণ করে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া গ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা ও বাউল সন্ধ্যা। মাদকের করাল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এবং সুস্থ সংস্কৃতির চর্চায় আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর আজান পলাশ।
অনুষ্ঠানে মাদকবিরোধী বার্তা দিয়ে এম আর আজান পলাশ বলেন, “মাদক কেবল একজন মানুষের জীবন ধ্বংস করে না, এটি একটি পরিবারের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। মনে রাখতে হবে, আপনার শখের নেশা যেন পরিবারের কান্নার কারণ না হয়। মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে হলে তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে।”
দিনব্যাপী আয়োজিত মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ধোড়া গ্রামের বিভিন্ন বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলা শেষে সন্ধ্যায় আয়োজিত হয় বাউল সন্ধ্যা। লোকসংগীতের সুর ও বাণীর মূর্ছনায় শিল্পীরা মাদকবিরোধী চেতনা ও জীবনমুখী দর্শনের কথা তুলে ধরেন। মরমী গানের মাধ্যমে উপস্থিত দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়—নেশা নয়, বরং জীবনকে ভালোবাসার।
আয়োজকরা জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সুন্দর সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার তরুণ প্রজন্ম এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।