হেডিং: সরকারি আজিজুল হক কলেজে বেগম খালেদা জিয়ার স্মরণে ছাত্রদলের শোক বই উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে শোক বই উন্মোচন করেছে কলেজ শাখা ছাত্রদল। বুধবার (৭ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই শোক বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ সরকার এবং কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মাহফুজুল ইসলাম বলেন, “দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য ব্যক্তিত্ব। তার সংগ্রামী জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়।” অনুষ্ঠানে বক্তারা তাকে গণতন্ত্রের আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত করে বলেন, এই শোক বই কেবল একটি স্মারক নয়, বরং তার আদর্শকে ধারণ করার একটি মাধ্যম। অনুষ্ঠানে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।