সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে ঢাকায় মানববন্ধন
বগুড়ার সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈরী আবহাওয়ার মধ্যেও এ কর্মসূচিতে অংশ নেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়ার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। আয়োজন করে বগুড়া সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ বর্তমানে একটি মাত্র যমুনা সেতুর ওপর নির্ভরশীল। ঈদসহ বিভিন্ন সময়ে এই সেতুতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং কোনো কারণে সেতুটি অচল হলে উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে। তাই বিকল্প হিসেবে সারিয়াকান্দি-মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
মানববন্ধনে নেতৃত্ব দেন কর্নেল (অব.) মো. জগলুল আহসান। তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তর ও পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগও সহজ হবে।
তিনি আরও জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টি ইতোমধ্যে সংসদে আলোচিত হয়েছে। একই সঙ্গে বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমও চলছে। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন মো. মোশাররফ হোসেন চৌধুরী, ডা. মো. মামুনুর রশীদ, প্রকৌশলী রুহুল আমিন ফকির, আইনজীবী রবিউল হাসান রবি, ড. আহসান হাবিব রুবেল, মো. সাইফুল ইসলাম, আ ফ ম জিন্নাতুল ইসলাম ও কৃষিবিদ আহমেদ আলীসহ অন্যান্যরা।
#AjkerBogura #যমুনা #সেতু #মানবন্ধন #ঢাকা #বগুড়া