৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: বগুড়ায় ১৫০০ চারা বিতরণ করলেন আরডিএ মহাপরিচালক
বগুড়া প্রতিনিধি:
‘সবুজ পৃথিবী, নিরাপদ আগামীর’ প্রত্যাশা নিয়ে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-এর মহাপরিচালক ড. আব্দুল মজিদ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
রবিবার (১৫ জুন) দুপুরে একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আব্দুল মজিদ ১৫০০ শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দেন এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহতি লক্ষ্য নিয়েছি, তা সফল করতে তরুণ প্রজন্মকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, প্রতিটি গাছ যেন বড় হয়ে ওঠে সেদিকে নজর রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের একটি গাছ বড় করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় আরডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করেছে।