নিজস্ব প্রতিবেদক, গাবতলী | ২৫ জানুয়ারি, ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সুখানপুকুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলী-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে পরকীয়া সংক্রান্ত একটি ঘটনায় গ্রামবাসীর হাতে ধরা পড়েন অ্যাডভোকেট শিপন আলী। পরবর্তীতে গ্রামবাসীর উপস্থিতিতে এবং সামাজিক সম্মতিতে ৭ লক্ষ টাকা মোহরানা ধার্য করে ওই নারীর সাথে তার বিবাহ সম্পন্ন করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই গাবতলী উপজেলা বিএনপি কঠোর অবস্থান গ্রহণ করে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়:
”দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য অ্যাডভোকেট শিপন আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
সঠিক সময়ে এবং দ্রুততার সাথে এমন নৈতিক সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ সম্পাদক মো. এনামুল হক নতুন-কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে দলের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।