ফাঙ্গাসযুক্ত দই ও ট্যাগ জালিয়াতির অভিযোগে বগুড়ায় জরিমানা ৫০ হাজার টাকা
বগুড়া শহরের সাতমাথা এলাকায় পরিচালিত ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একটি দই বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একজন সাধারণ ভোক্তার অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে “শেরপুর দই ঘর” নামের প্রতিষ্ঠানটিতে সংরক্ষিত দই পরিদর্শন করা হয়। অভিযানে ফাঙ্গাসযুক্ত দই বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সংবলিত ট্যাগ পরিবর্তনের মাধ্যমে ক্রেতাদের বিভ্রান্ত করার অভিযোগও তদন্তে সত্য বলে প্রতীয়মান হয়।
অভিযান চলাকালে ফাঙ্গাসযুক্ত দইয়ের একাধিক সরা জব্দ করা হয় এবং জনসম্মুখে ধ্বংস করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়।
এ সময় সাতমাথা এলাকার বিভিন্ন দই বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন সম্পর্কে সতর্ক করা হয়। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল।
এছাড়া কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি চৌকস দল।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া।