বগুড়াবাসীর দাবিতে সাড়া: পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ডা. শফিকুর রহমানে
জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার উদ্যোগে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা, শহীদ চান্দু স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের ঘোষণাও দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী বীর শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি সুখী, সমৃদ্ধশালী, দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে সরকার পরিচালনার সুযোগ দিলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী বিভক্তি নয়, সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
তিনি আরও বলেন, অতীতে যারা জনগণকে নানা প্রতিশ্রুতির মাধ্যমে বিভ্রান্ত করেছে, জনগণ তাদের পরিণতি দেখেছে। ভবিষ্যতেও যারা জনগণকে ধোঁকা দিতে চাইবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামী সরকার পরিচালনার সুযোগ পেলে সরকারি কোষাগারের অর্থ অপব্যবহার বন্ধ করা হবে এবং জনগণের অর্থ দেশের উন্নয়নে ব্যবহার নিশ্চিত করা হবে।
নারীদের বিষয়ে তিনি বলেন, নারীরা আমাদের মায়ের জাত। তাদের সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতা অনুযায়ী নারীরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। যুবকদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী বেকার ভাতা দিয়ে নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে চায়।
জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
বক্তব্য রাখেন বগুড়া জেলার সাতটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরা। শেষে আমিরে জামায়াত বগুড়া জেলার সাতটি আসনের প্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং নির্বাচনী প্রতীক তুলে দেন।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশ নেন। এর আগে তিনি গাইবান্ধা থেকে বগুড়ায় এসে বগুড়া-২ আসনের মনোনীত প্রার্থীর পথসভায়ও বক্তব্য দেন।
⸻
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া