বগুড়ায় আরডিএতে ৬০ যুবকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ৬০ যুবকের অংশগ্রহণে দক্ষতা উন্নয়নমূলক তিনটি কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে আরডিএর আইটি ভবনের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন জেলার মোট ৬০ জন যুবক অংশগ্রহণ করছেন। এর মধ্যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে ২০ জন, ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফর কনস্ট্রাকশন বিষয়ে ২০ জন এবং প্লাম্বিং বিষয়ে ২০ জন প্রশিক্ষণ নিচ্ছেন।
অনুষ্ঠানে আরডিএর যুগ্ম পরিচালক রেবেকা সুলতানা, যুগ্ম পরিচালক মহিউদ্দিন, আসাদুজ্জামান, তানবিরুল ইসলাম এবং সহকারী প্রকৌশলী সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মমুখী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।