বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬: শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা হিসেবে টিএমএসএস-কে সম্মাননা
বগুড়া প্রতিনিধি: বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক বর্ণিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বনানীস্থ নিজস্ব সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক) হিসেবে টিএমএসএস-কে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি টিএমএসএস-এর উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং একটি গাছের চারা তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্থানীয় সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায় টিএমএসএস পরিবার সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে।