ঢাকা-৮ এর স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ
রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, গুলিটি হাদির বাম কানের নিচে আঘাত করে দেহের অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শিগগিরই তার শারীরিক অবস্থা নিয়ে হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
“বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে এসে হামলাকারীরা গুলি করে দ্রুত পালিয়ে যায়।”
হাদির সহযোদ্ধারা জানান, জুমার নামাজের পর তারা মসজিদের সামনে লিফলেট বিতরণের কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা ও মধ্যাহ্নভোজের কথা ছিল। এর মধ্যেই হাদির ওপর হামলার সংবাদ আসে।
হামলার কয়েক ঘণ্টা আগে, বেলা ১১টা ৫২ মিনিটে হাদি তার ফেসবুক পোস্টে লেখেন—
“ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই এখন ছেঁড়া-ছিঁড়ির চাপও নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”
উল্লেখ্য, গত নভেম্বর মাসে দেশি–বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তিনি হত্যার হুমকি পেয়েছিলেন বলে নিজেই জানিয়েছিলেন। ওই হুমকিতে তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা–বোন–স্ত্রীকে ধর্ষণের ভয় দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
—