নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া):
অসুস্থ দাদাকে দেখতে মায়ের সঙ্গে ঢাকা থেকে এসেও শেষ রক্ষা হলো না দুই বছরের শিশু নুর আমিনের। বগুড়ার ধুনট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত নুর আমিন ওই গ্রামের পোশাক শ্রমিক আবুল হোসেনের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত আবুল হোসেন তার অসুস্থ বাবাকে দেখার জন্য স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠান। দুপুরে বাড়ি পৌঁছে মা যখন অসুস্থ শ্বশুরের সেবায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত ডোবায় পড়ে যায় শিশু নুর আমিন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার হাফিজুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।