স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি রাজধানীর ঢাকার বংশালের কসাইটুলীতে মায়ের সাথে মাংস কিনতে গিয়ে ভূমিকম্পের কবলে পড়ে নিহত হয়েছেন। তীব্র ঝাঁকুনিতে একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে, তিনি নিহত হয়েছেন। গুরুতর আহত হয় রাফিউলের মা নুসরাত।
রাফি বগুড়া শহরের সুত্রাপুর গোহাইল রোড এলাকার ওসমান গণি (ওরফে) রুস্তম’র পরিবারের সন্তান। তার বাবা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারাম সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
রাফিউল ইসলাম রাফির চাচা আব্দুস সালাম রুবেল জানান, রাফির বাবা ওসমান গণি ঘটনার সময় বগুড়ার বাড়িতে ছিলেন। সংবাদ পেয়েই তিনি ঢাকায় রওয়ানা হয়েছেন। রাফির মরদেহ বগুড়ায় এনে আগামী শনিবার বাদ যোহর নামাজে জানাজা শেষে দাফন করা হবে, বলে জানা যায়।
রাফির মৃত্যুর সংবাদ বগুড়ায় পৌছার পর আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাফির মা নুসরাত বেগমের অবস্থাও আশঙ্কাজনক।
আজ শুক্রবার সকাল ১০ টা ৩৮ মিনিটে পূরান ঢাকার বংশালের কসাইটুলীতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন, রাফি ও তার মা। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের ওপর ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয় রাফিউল ও তার মা নুসরাত। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক রাফিউলকে মৃত ঘোষণা করেন। রাফিউলের মা নুসরাত হাসপাতালে চিকিৎসারত আছেন।