বগুড়া: জেলার গাবতলী উপজেলার বিভিন্ন খাল পুনঃখনন কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করার পর প্রকল্পের কাজ শেষে উদ্বৃত্ত ১ কোটি ৭৮ লাখ ৭৯ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। জনগণের অর্থের সঠিক ব্যবহার, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহা. হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রশংসনীয় উদ্যোগ সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে এবং ব্যয় সংকোচন করে সরকারি অর্থ সাশ্রয়ের এই ঘটনা উপজেলা প্রশাসনের স্বচ্ছতা ও সততার এক উজ্জ্বল রূপ হিসেবে পরিগণিত হচ্ছে। সচেতন মহল মনে করছেন, এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেশের অন্যান্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব ফেলবে।